ভেতরের খবর নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। তিনটি ইউনিটের মধ্যে একমাত্র সচল ১ নম্বর ইউনিটটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। এর আগে বুধবার রাত ১০টা ১০ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
কর্তৃপক্ষ জানায়, কয়লার সঙ্গে পাথর চলে আসায় বয়লারের পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ক্ষতিগ্রস্ত হয়। ফলে হঠাৎ করেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রধান প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে এবং পুনরায় উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে থেকেই ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকলেও বড়পুকুরিয়া কেন্দ্রটি উত্তরাঞ্চলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কেন্দ্রটি বন্ধ থাকায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
@ইয়াসমিন রিমা