ভেতরের খবর নিউজ ডেস্ক: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসেই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য দেন। তিনি বলেন, করোনা পরবর্তী সময় ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রী আরও জানান, পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হলে এসএসসি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসবে। একই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার সময়সূচিও আগাম আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে এখনো নির্দিষ্ট কিছু জানাননি তিনি।
শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের চাপ কমাতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে পরীক্ষা দিয়ে দ্রুত পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারে।”
@ইয়াসমিন রিমা