ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে জামায়াতে ইসলামীকে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জামায়াতের আমির ও তার দল কখনও সুস্থভাবে চিন্তা করতে পারে না। তিনি জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি করেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে এবং নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ফখরুল আরও অভিযোগ করেন, এ ধরনের বক্তব্যের মাধ্যমে দেশে বিভেদ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ভিন্ন কোনো উপায়ে দেশে স্বৈরশাসন ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে কি না।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। সভায় ছাত্র রাজনীতিতে অস্থিতিশীলতা তৈরির পেছনে একটি চক্র সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে সরকারের প্রত্যাশা রয়েছে।
এ সময় দেশের স্থিতিশীলতা রক্ষায় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, আর দেশের মানুষই তাদের প্রতিহত করবে।’
@ইয়াসমিন রিমা