ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একের পর এক নিরাপত্তা হুমকি ও হত্যাচেষ্টার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ, ওয়াশিংটনে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনা ঘটলে তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এক অস্ত্রধারী ব্যক্তি অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গুলি চালায়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ট্রাম্প অক্ষত রয়েছেন।
এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে এক ব্যক্তি গাড়ি নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে সিক্রেট সার্ভিস সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।
২০২৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে এক গলফ টুর্নামেন্টে এক অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা ভুয়া পরিচয়ে ট্রাম্পের নিরাপত্তা দলে অনুপ্রবেশের চেষ্টা করেন। পরে বিষয়টি ধরা পড়লে তাকে বরখাস্ত করা হয়।
এরও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের গলফ কোর্সে এক বন্দুকধারীকে ঘিরে দ্বিতীয় দফা হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্তকে পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে, যেখানে গুলিবর্ষণে ট্রাম্প আহত হন। সিক্রেট সার্ভিস দ্রুত তাকে নিরাপদে সরিয়ে নেয় এবং হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে এবং শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে আনছে।


