ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির সংসদ সদস্য শামা ওবায়েদ এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শামা ওবায়েদ বলেন, ৫ আগস্টের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কিছু নবীন সদস্যের বিরুদ্ধেও গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতা, সাহস ও বুদ্ধিমত্তা প্রয়োজন এবং কেবল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রাজনীতি দিয়ে দেশ চালানো যায় না।
এর জবাবে নাহিদ ইসলাম শামা ওবায়েদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, দুর্নীতির অভিযোগ করা হলে তা প্রমাণ করতে হবে। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের অতীত দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং শামা ওবায়েদের কাছে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ দাবি করেন।
বিতর্কের এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে বলেন, শামা ওবায়েদ তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি, ফলে বিষয়টি নির্দিষ্ট অভিযোগ হিসেবে দাঁড়ায় না।
@ইয়াসমিন রিমা


