ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওই যুবকের মাথায় তিন রাউন্ড, বাম হাতে এক রাউন্ড এবং বগলের নিচে এক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউ মার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
@ইয়াসমিন রিমা


