ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশের কার্যক্রম শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যোগ দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান শুরুর আগে অংশগ্রহণকারীদের জন্য একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। শ্রমিক দলের এই আয়োজনে পুরুষদের পাশাপাশি কর্মজীবী নারীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। দলটির কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, সমাবেশে লাখো মানুষের সমাগম হবে।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় অগ্নিনির্বাপক ব্যবস্থাও রাখা হয়েছে।


