ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মনোয়ার হোসেন ওরফে অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মনোয়ার স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ ফ্ল্যাটে বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীকে গালিগালাজ ও ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। বাধা দিলে স্ত্রীকে মারধর করেন এবং একপর্যায়ে রান্নাঘর থেকে চাপাতি এনে তাকে কোপ দেওয়ার চেষ্টা করেন।
প্রাণভয়ে স্ত্রী দুই সন্তানকে নিয়ে একটি ঘরে আশ্রয় নেন এবং ভেতর থেকে দরজা বন্ধ করে রাখেন। পরে প্রতিবেশীরা ভাঙচুরের শব্দ শুনে পুলিশে খবর দেন। ভাটারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলতে বললে মনোয়ার প্রথমে অস্বীকৃতি জানান। পরে দরজা ভাঙার প্রস্তুতি নিলে তিনি দরজা খুলে দেন। এ সময় চাপাতিসহ তাকে আটক করা হয়।
আহত নারীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, গত দুই-তিন বছর ধরে স্বামী নেশা করে এসে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন।
ভবনের বাসিন্দাদের অভিযোগ, এর আগেও মনোয়ার নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশী ও নিরাপত্তাকর্মীর ওপর হামলার চেষ্টা করেছিলেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় মনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
@ইয়াসমিন রিমা