ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেণিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোহাগ (১৭) ও রবিউল আউয়াল (২২)। সম্পর্কে তাঁরা শ্যালক ও দুলাভাই। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সোহাগ ও রবিউল মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
সোহাগের বাড়ি নাচোল উপজেলায় এবং রবিউল আউয়ালের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
@ইয়াসমিন রিমা