ভেতরের খবর নিউজ ডেস্ক: বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতে মেগা প্রকল্পের নামে যেন আর মেগা দুর্নীতি না হয়। ক্ষমতায় টিকে থাকার স্বার্থে কোনো ঠিকাদারকে ক্যাপাসিটি চার্জ দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে ঋণখেলাপি সংস্কৃতি ও অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (৩ মে) দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে দুর্বল করে তুলেছে এবং মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক লুটপাট হয়েছে। তিনি দাবি করেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন বড় প্রকল্পে বিপুল অঙ্কের দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। একই সঙ্গে আদানি বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, এটি দেশের প্রয়োজনের তুলনায় রাজনৈতিক স্বার্থে করা হয়েছে এবং এর মাধ্যমে ক্যাপাসিটি চার্জের নামে প্রতিবছর বিপুল অর্থ পরিশোধ করা হয়েছে।
ঋণের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ২০০৯ সালের তুলনায় দেশের মোট ঋণ কয়েকগুণ বেড়েছে, যা ভবিষ্যতে বড় চাপ তৈরি করবে। পাশাপাশি গত এক দশকের বেশি সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্যাংকিং খাতেও অনিয়মের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি একাধিক ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে কোনো দুর্নীতিবাজ গোষ্ঠী সুযোগ নিতে না পারে। রাষ্ট্র সংস্কারে নীতিনির্ধারকদের পাশাপাশি ব্যবসায়ী, আমলা ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, বর্তমান সরকারকে এই গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর নেতৃত্ব দিতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে উদ্যোগ নিতে হবে।
@ইয়াসমিন রিমা