ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বর্তমানে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে রেজাউল কাইয়ুমকে আটকের খবরে তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং থানা ঘেরাও করার চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি থানাসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়েও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।
@ইয়াসমিন রিমা