ভেতরের খবর নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম আজ গেজেট আকারে প্রকাশ হচ্ছে না। ফলে রোববার রাতে অন্য ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের সঙ্গে তার শপথ নেওয়াও হচ্ছে না।
রোববার (৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর সাধারণত পরদিন গেজেট প্রকাশ করা হলেও আপিল ও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময় রাখা বাধ্যতামূলক। সেই সময়সীমা চলমান থাকায় আজ গেজেট প্রকাশ সম্ভব হয়নি।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আগামীকাল সোমবার হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের করা একটি রিট ইসির সিদ্ধান্তে প্রভাব ফেলছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিষয়টি আদালতের পর্যবেক্ষণে রয়েছে। সংরক্ষিত আসনটি একটিমাত্র হওয়ায় আদালতের নির্দেশনার ওপর পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে।
কমিশনার আরও বলেন, গেজেট প্রকাশের পর আদালত ভিন্ন কোনো নির্দেশ দিলে তা বাতিলও হতে পারে। সেক্ষেত্রে একাধিক প্রার্থী হলে জোটের ভেতরে ভোটের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।
সব মিলিয়ে আদালতের পরিস্থিতি বিবেচনায় রেখে গেজেট প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
@ইয়াসমিন রিমা