ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রায় ১২ ঘণ্টা পর দলীয় নেতাদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে গতকাল রোববার দুপুরে তাকে আটক করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ডিবি।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়। পরে বিএনপি নেতা সফিউল আলম রায়হানসহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে থানা এলাকায় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী অবস্থান নেন। রাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা মুক্তির দাবিতে স্লোগান দেন। মধ্যরাতে রেজাউল মুক্তি পাওয়ার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয়দের দাবি, শাসনগাছা বাস টার্মিনাল ও আশপাশের পরিবহন খাতে তার প্রভাব রয়েছে। তার আটকের পর কিছু সময়ের জন্য বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় অস্থিরতা তৈরি হয়।
অন্যদিকে অভিযোগ রয়েছে, ওই এলাকায় সিএনজি, অটোরিকশা ও বাস টার্মিনাল ঘিরে চাঁদাবাজি নিয়ন্ত্রণের সঙ্গে তিনি জড়িত। তবে রেজাউল কাইয়ুম এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুক্তির আগে তাকে ভবিষ্যতে চাঁদাবাজি প্রতিরোধে ভূমিকা রাখার অঙ্গীকারসহ মুচলেকা নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা