ভেতরের খবর নিউজ ডেস্ক: রাশিয়ার সেনাবাহিনীর সদস্য হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার যুবক রিয়াদ রশিদ (২৮) ড্রোন হামলায় নিহত হয়েছেন। গত ২ এপ্রিল ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি লিমন দত্ত পরিবারের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহত রিয়াদ রশিদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আর্থিক সচ্ছলতার আশায় ২০২৪ সালের অক্টোবরে একটি রাশিয়ান কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে তিনি রাশিয়ায় যান। পরে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন। তবে বিষয়টি পরিবারকে জানাননি।
জানা গেছে, ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ রশিদসহ আরও এক বাংলাদেশি ও এক নাইজেরিয়ান সেনা সদস্য নিহত হন। একই ঘটনায় আহত হন তিনজন রুশ সেনা। আহত বাংলাদেশি লিমন দত্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনি একটি পা হারিয়েছেন বলে জানা গেছে।
রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছে এ তথ্য তিনি আগে জানতেন না। এখন ছেলের মরদেহেরও কোনো খোঁজ না পাওয়ায় পরিবার গভীর শোকে ভেঙে পড়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, রিয়াদ এলাকায় শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল কবির জানান, পুলিশ বিষয়টি জেনেছে এবং নিহতের বাড়িতে সদস্য পাঠানো হয়েছে। তবে এখনো কোনো সরকারি আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা