ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নতুন উপাচার্য নিয়োগ ও আগের দায়িত্বপ্রাপ্তদের অব্যাহতির তথ্য জানানো হয়।
নিয়োগ পাওয়া নতুন উপাচার্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভিসি হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক একরামুল হক।
এ ছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তদের মেয়াদ হবে চার বছর। তবে আচার্য হিসেবে রাষ্ট্রপতি প্রয়োজন হলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। একই সঙ্গে উপাচার্যদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।
এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও পরে সেই নিয়োগ বাতিল করা হয়েছে।
এর আগে গত মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছিল সরকার। একই সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়।
@ইয়াসমিন রিমা