ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ।
পুলিশ জানায়, বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’র তৃতীয় তলার বাথরুমে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিক আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে বলাৎকার করা হয়ে থাকতে পারে। এরপর ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
@ইয়াসমিন রিমা