গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে গরুবাহী ট্রাক খালে ডুবে ৪ গরুর মৃত্যু, বেপারীদের ঋণ এর কেনা গরু হারিয়ে পথে বসার শঙ্কা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলার সীমান্তবর্তী কাজুলিয়া এলাকায় গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ট্রাকে থাকা আটটি গরু চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি গরুর হাট থেকে বৃহস্পতিবার দুপুরে ক্রয় করা হয়েছিল। গরুগুলো বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাওলিয়া গরুর হাটে নেওয়া হচ্ছিল। পথে কাজুলিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে চারটি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে জীবিত চারটি গরুকে উদ্ধার করেন। তবে ট্রাকে থাকা কেউ আহত হননি।
দুর্ঘটনার পর ট্রাক চালক নজরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
গরুর বেপারীরা হলেন উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের মৃত দুলাল বেপারীর ছেলে রানা বেপারী এবং মশাং গ্রামের সামসুল হকের ছেলে লিটন বেপারী। এসময় লিটন বেপারীর ছেলে সৈকত বেপারীও ট্রাকে ছিলেন।
বেপারীরা জানান, নিহত চারটি গরুর মূল্য প্রায় ১০ লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে লাভের আশায় ঋণ করে গরুগুলো কিনেছিলেন তারা।
কান্নাজড়িত কণ্ঠে রানা বেপারী বলেন, “মানুষের কাছ থেকে ঋণ আর ধার করে গরুগুলো কিনছিলাম। ভাবছিলাম ঈদের হাটে বিক্রি করে কিছু লাভ হবে, সংসারটা একটু ভালোভাবে চলবে। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা কিভাবে শোধ করবো বুঝতে পারছি না। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।”
লিটন বেপারী বলেন, “সারারাত রাস্তায় ছিলাম। আর একটু হলেই হাটে পৌঁছে যেতাম। আল্লাহ বাঁচাইছে, আমরা বেঁচে আছি। কিন্তু গরুগুলা মারা যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।”
উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি নেয়ামত উল্লাহ বলেন, “ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যাই। দেখি ট্রাক খালে পড়ে গেছে আর গরুগুলো পানিতে ছটফট করছে। পরে স্থানীয় লোকজন মিলে উদ্ধার কাজ শুরু করি। দৃশ্যটা খুবই হৃদয়বিদারক ছিল।”
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, “নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে ছিলেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে চারটি গরুকে মৃত অবস্থায় উদ্ধার করি এবং জীবিত গরুগুলো নিরাপদে বের করে আনি।”
দুর্ঘটনার পর এলাকায় শোক ও হতাশার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

# এফ এম মিরাজুল সৈকত , 22.05.2026
01811953261

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *