ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিহত রামিসার বড় বোনের ভবিষ্যতের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিরপুর-১১ নম্বরে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ, মো. আসাদুজ্জামান ও আমিনুল হকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এদিকে, রামিসা হত্যাকাণ্ডে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে।
গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
@ইয়াসমিন রিমা