ভেতরের খবর নিউজ ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।
দলীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্ট সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দলের পথচলা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে এক সতর্কবার্তায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কেউ যদি আগের অফিসে গিয়ে কোনো ধরনের হামলা, মামলা বা নিরাপত্তাজনিত ঝুঁকির মুখে পড়েন, তাহলে তার দায় ব্যক্তিকেই বহন করতে হবে। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।
@ইয়াসমিন রিমা