ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন সেই সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে ওই কিচেন কেবিনেটের সদস্য ছিলেন না বলেও দাবি করেন।
মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী–এর ওপর হামলার প্রতিবাদ এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, “কিচেন কেবিনেট ছিল। কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না।”
সম্প্রতি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক সাক্ষাৎকারে দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সাত সদস্যের একটি কিচেন কেবিনেট সক্রিয় ছিল। প্রতি মঙ্গলবার যমুনায় তাদের বৈঠক হতো বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্যচুক্তি নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তাঁর দাবি, চুক্তিটি কার্যত বিএনপির পক্ষ থেকেই করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের তিন দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–এর মাধ্যমে এ চুক্তি সম্পন্ন করা হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, চুক্তির বিষয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আসিফ মাহমুদ বলেন, দলের আহ্বায়কসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে এনসিপির মতামত নেওয়া হয়নি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, চুক্তির কোনো অংশ বাংলাদেশের স্বার্থবিরোধী হলে তা পুনর্বিবেচনা বা বাতিল করা উচিত।
এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা, অতিরিক্ত ভাড়া আদায়, মেট্রোস্টেশনের নিচে হাট বসানো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবারতন্ত্রের অভিযোগও তুলে ধরেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা। তাঁর ভাষ্য, “দলীয়করণ নয়, এখন পরিবারকরণ হচ্ছে।”
@ইয়াসমিন রিমা