ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে অনেকের কাছে মনে হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে। তবে আবহাওয়াবিদেরা জানিয়েছেন, মৌসুমি বায়ু এখনো পুরোপুরি দেশে প্রবেশ করেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ধারা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে কোথাও টানা ভারী বৃষ্টির সম্ভাবনা কম।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বৃষ্টি হবে থেমে থেমে এবং বিচ্ছিন্নভাবে। একটানা দীর্ঘ সময় একই এলাকায় বৃষ্টি থাকার সম্ভাবনা কম।
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে পশুর হাট জমে উঠেছে এবং লাখো মানুষ ঘরমুখী হয়েছেন। এমন সময়ে বৃষ্টি পশুর হাট ও ঈদযাত্রায় ভোগান্তি বাড়িয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ঈদের দিন রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের পূর্বাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সকালে কিছুটা বৃষ্টি হলেও ভারী বর্ষণের আশঙ্কা কম বলে জানিয়েছেন তিনি।
@ইয়াসমিন রিমা