ভেতরের খবর নিউজ ডেস্ক: নুরুন্নাহার নিম্মি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে শেরপার সহায়তায় শিখরে পৌঁছান নিম্মি। এর মাধ্যমে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন–এর পর দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী এভারেস্ট জয় করলেন।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্মি। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। সেখানে কয়েক ধাপে উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নেন তিনি। ১৭ মে চূড়ান্ত অভিযানে রওনা দিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে একবার নিচে নেমে আসতে হয়। পরে আবহাওয়া অনুকূলে এলে ২৫ মে আবারও যাত্রা শুরু করেন। ২৬ মে ক্যাম্প–৪-এ পৌঁছে রাতেই শিখরের উদ্দেশে রওনা দেন এবং শেষ পর্যন্ত বুধবার ভোরে সফলভাবে এভারেস্ট জয় করেন।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি’র জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্মি। রংপুরে বেড়ে ওঠা এই পর্বতারোহী ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভূতত্ত্ব বিভাগে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনে পাহাড়ের প্রতি আগ্রহ থেকেই শুরু হয় তার পর্বতারোহণের পথচলা।
বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম ২০১০ সালে শিখরে পৌঁছান। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, বাবর আলী ও ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো নুরুন্নাহার নিম্মির নামও।
@ইয়াসমিন রিমা