ভেতরের খবর নিউজ ডেস্ক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলেও তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি।
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না। তিনি আরও বলেন, এই পদক্ষেপ দেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
চিকিৎসাসেবা সহজ করতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পাইলট প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি চীনের সহায়তায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে নারী ও শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা