ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও দলটির আমির শফিকুর রহমান বলেছেন, দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি সরকারের প্রতি জনকল্যাণমূলক ও জনবান্ধব নীতিতে ফিরে আসার আহ্বান জানান।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর ঈদগাহে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আবদুল জব্বার।
শফিকুর রহমান অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, বিভিন্ন ব্যাংকে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোক বসানোর মাধ্যমে সরকার একদলীয় শাসনের পথে এগোচ্ছে। তিনি বলেন, অতীতে এমন চেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।
বাজেট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিগত সরকারের সময় বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে। বর্তমান সরকার যেন সেই পথ অনুসরণ না করে, সে আহ্বান জানান তিনি। একই সঙ্গে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন।
বিএনপির নাম উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলকে অবমূল্যায়নের যে রাজনৈতিক সংস্কৃতি অতীতে ছিল, তা থেকে সরে আসতে হবে। জনগণ এখন পরিবর্তন চায় এবং পুরোনো ধারার রাজনীতি আর গ্রহণ করছে না।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ত্বকী হত্যা ও সাত খুনের মতো আলোচিত ঘটনার বিচার এখনো মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ব্যবসায়ীরা চাঁদাবাজি ও দখলদারির কারণে নানা সংকটে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে তিনি অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অপসারণ করে নির্বাচন দেওয়ার দাবি জানান। একই সঙ্গে মহানগর জামায়াতের আমির আবদুল জব্বারকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা