ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কানসাট আমবাজারে এখন চলছে আমের মৌসুমের প্রাণচাঞ্চল্য। ভোর থেকে শুরু করে দিনভর শত শত ভ্যান, আমের ঝুড়ি, ক্রেতা-বিক্রেতার ভিড় আর প্যাকেটজাতকরণের ব্যস্ততায় মুখর থাকে পুরো বাজার এলাকা। প্রতিবছর প্রায় চার লাখ মেট্রিক টন আম উৎপাদনকারী এই জেলার আম অর্থনীতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত কানসাট।
আমচাষি ও অনলাইন উদ্যোক্তারা জানান, এবার আমের উৎপাদন ও বিক্রি দুটোই সন্তোষজনক। বর্তমানে বাজারে গোপালভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আম পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে ফজলি, আম্রপালি, আশ্বিনা ও গৌড়মতি আম বাজারে আসবে।
শুধু ব্যবসা নয়, চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো এখন পর্যটকদেরও আকর্ষণ করছে। দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ আসছেন বাগান ঘুরে দেখতে এবং গাছ থেকে আম পাড়ার অভিজ্ঞতা নিতে। বিশেষ করে শিশুদের কাছে এই অভিজ্ঞতা হয়ে উঠছে আনন্দময় ও শিক্ষণীয়।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট সংযোগের কারণে এখন চাষি ও উদ্যোক্তারা সরাসরি অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে আম পৌঁছে দিতে পারছেন। ফলে আমকেন্দ্রিক এই অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও জমে ওঠে কানসাটের আমবাজার। আমকে ঘিরে ব্যবসা, পর্যটন, উদ্যোক্তা সৃষ্টি এবং প্রযুক্তির সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জে গড়ে উঠেছে এক অনন্য অর্থনৈতিক ও সামাজিক উৎসব।
@ইয়াসমিন রিমা