ভেতরের খবর নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শনে এসে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা নদীকে ঘিরে একটি বৃহৎ মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার। সম্পূর্ণ দেশীয় অর্থায়ন এবং দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। বিশেষ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এর অগ্রগতি তদারকি করছেন।
মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উত্তরাঞ্চলের নয়, পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এ অঞ্চলের মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে কয়েক বছর সময় লাগলেও এর সুফল পাবে তিস্তাপাড়ের মানুষ। কৃষি ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজ শেষ হয়েছে। ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল প্রকল্পের রূপরেখা তৈরির কাজ করছে। আগামী দুই-এক মাসের মধ্যেই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
পরে মন্ত্রী তিস্তা তীরবর্তী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা