ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা দিয়েছে ভারত সরকার। বুধবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদীর জন্য দেওয়া এই মর্যাদা শুধুমাত্র আনুষ্ঠানিক ও প্রটোকল-সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভারতের সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিল মাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫ জুন তিনি বাংলাদেশে আসেন এবং বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে যে দূরত্ব ও তিক্ততা সৃষ্টি হয়েছে, তা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে অভিজ্ঞ এই রাজনীতিককে ঢাকায় পাঠিয়েছে ভারত সরকার। এ সিদ্ধান্তের পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কূটনৈতিক উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গুজরাটে জন্ম নেওয়া দীনেশ ত্রিবেদী দুই বাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ভালো ধারণা রাখেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সেতারবাদক হিসেবেও পরিচিত। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
@ইয়াসমিন রিমা