ভেতরের খবর নিউজ ডেস্ক: ডালাসে জর্ডানের বিপক্ষে ৩–১ গোলের জয়ে আরেকটি ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমে গোল করে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা ছিল ছন্দে। একাদশে নয়টি পরিবর্তন থাকলেও খেলায় তার কোনো প্রভাব পড়েনি। ১৯ মিনিটে জিওভান্নি লো সেলসোর দুর্দান্ত ফ্রি–কিকে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাওতারো মার্তিনেজ।
দ্বিতীয়ার্ধের শুরুতে মুসা আলতামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এই বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
এরপর ৬০ মিনিটের দিকে মাঠে নামেন লিওনেল মেসি। তাকে ঘিরে স্টেডিয়ামে তৈরি হয় অন্যরকম উন্মাদনা। ৮০ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে নেওয়া ফ্রি–কিকে জাল খুঁজে নেন তিনি। তার নিখুঁত শটে নিশ্চিত হয় আর্জেন্টিনার ৩–১ গোলের জয়।
এই গোলের মাধ্যমে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তি গড়েন মেসি, যা ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড। এর আগে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জায়েরজিনহোর রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।
গ্রুপপর্বে জয় নিশ্চিত করে নকআউটের পথে এগিয়ে গেল আর্জেন্টিনা। আর মেসির এই গোল যোগ হলো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়ে।
@ইয়াসমিন রিমা