ভেতরের খবর নিউজ ডেস্ক: বান্দরবানের দুর্গম থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়া গেছে এবং দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে থানচির তিন্দু এলাকার বিদ্যালয়টিকে জাতীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কারণে নিয়মিত বেতন আদায় না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে দীর্ঘদিন সংকট চলছিল।
এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন ছুটির দিনে থানচি–তিন্দু–রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে আয় করেন এবং সেই অর্থের বড় অংশ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন হিসেবে ব্যয় করেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন দিতে ব্যবহার করেন।
প্রধান শিক্ষকের এই মানবিক উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হওয়ার পর স্থানীয় প্রশাসন বিদ্যালয়ের জন্য একটি বোট, নতুন ভবন নির্মাণ এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে বিদ্যালয়টি জাতীয়করণের নির্দেশ দেওয়া হয়।
@ইয়াসমিন রিমা