ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত শুরু হয়ে একই বছরের সেপ্টেম্বরে তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরবর্তী সময়ে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২২ জুন মামলাটি রায়ের জন্য নির্ধারণ করা হয়।
অভিযোগগুলোর মধ্যে ছিল জুলাই আন্দোলন দমনে উসকানি দেওয়া, তৎকালীন সরকারের বিভিন্ন বৈঠকে বলপ্রয়োগের সিদ্ধান্তে ভূমিকা রাখা, আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নির্দেশ দেওয়া, গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়ায় ছয় আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ। এছাড়া সারা দেশে আন্দোলনকারীদের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও আনা হয়।
এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ–অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ষষ্ঠ মামলার রায় ঘোষণা হলো।
@ইয়াসমিন রিমা