ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের সদরঘাট থানা পুলিশের অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এস.এম. রিয়াজ উদ্দিন চৌধুরী (৪২) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার দিবাগত রাতে সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
পুলিশ জানায়, রিয়াজ উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার বাসিন্দা। তিনি অনলাইনে বিভিন্ন মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনায় বাংলাদেশ ছাত্রলীগ সাবেক ও বর্তমান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নামে কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্য থাকার তথ্য পাওয়া গেছে।
রিয়াজ উদ্দিন চৌধুরী ২০০৯-২০১২ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি এবং ২০১২-২০১৪ মেয়াদে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য ছিলেন।
@ইয়াসমিন রিমা