ভেতরের খবর নিউজ ডেস্ক: আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে পুলিশ দলীয় বিবেচনায় নয়, শুধুমাত্র অপরাধের ভিত্তিতেই গ্রেফতার করছে।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। খুন, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের চিত্র সংসদে তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ সূচকে অগ্রগতি হলেও ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে।
তিনি জানান, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার, দ্রুত চার্জশিট দাখিল, সাক্ষী উপস্থাপন এবং বিচার কার্যক্রমে সহায়তার মাধ্যমে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এর ফলে রামিষা হত্যা মামলার বিচার মাত্র ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি রেকর্ড বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া তনু হত্যা মামলার আসামিকে দীর্ঘদিন পর ডিএনএ রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মামলার বাকি দিকগুলোতেও অগ্রগতি হবে।
মাদক নিয়ন্ত্রণ জোরদারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে স্বয়ংসম্পূর্ণ বিভাগে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ডগ স্কোয়াড, আধুনিক পরীক্ষাগার, অস্ত্র প্রশিক্ষণ, হাজতখানা এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কর্মকর্তাদের আধুনিক নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হচ্ছে।
@ইয়াসমিন রিমা