ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা দিয়েছেন ২০২৬ সালের নিয়মিত ২০ পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। একই সঙ্গে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের নিয়মিতদের প্রশ্নে পরীক্ষা দেন।
পরীক্ষা শেষে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্র কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে জানায়, খাতাগুলো আলাদাভাবে বোর্ডে পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে, ফলে ফলাফলে কোনো সমস্যা হবে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান জানান, এটি দায়িত্বপ্রাপ্তদের ভুল। কলেজের অধ্যক্ষ আসাদুল হকও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিন ঘণ্টার পরীক্ষার মধ্যেও শিক্ষক ও পরীক্ষার্থীরা ভুলটি বুঝতে পারেননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে এক অভিভাবক ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা যায়। তবে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ।
@ইয়াসমিন রিমা