ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন খায়রুল হক। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। গত ১৭ মে রাজিক-আল-জলিল ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার না দেখাতে এবং হয়রানি না করার নির্দেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় গত ১২ মে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। পরে পৃথক সাত মামলায় জামিনের পর যাত্রাবাড়ী থানার খোয়াইব হত্যা মামলায় তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ৩০ জুন হাইকোর্ট জামিন দিলে রাষ্ট্রপক্ষ আপিল করলেও, ২ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তার জামিন বহাল রাখেন।
এর আগে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা পাঁচ মামলাসহ মোট আটটি মামলায় তিনি জামিনে রয়েছেন। এর মধ্যেই এবার নতুন একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
@ইয়াসমিন রিমা