ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের সর্বোচ্চ সম্মান, আহতদের জীবনমান উন্নয়ন এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও আহতদের পুনর্বাসন করা সরকারের ‘পবিত্র দায়িত্ব’।
শনিবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জুলাই জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। তবে বিচারের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে। তিনি বলেন, “বিচারে কিছুটা সময় লাগলেও প্রকৃত অপরাধীর সঠিক বিচার নিশ্চিত করতে আমরা কাজ করব।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়, বরং দেশের সব গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত ত্যাগের ফল। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে দেশ, মাটি ও মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা তাঁদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে স্মারক তুলে দেওয়া হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের কয়েকজন মন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা