ভেতরের খবর নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় সাবেক যুবদল নেতা জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুই পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
@ইয়াসমিন রিমা