ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রতিটি উপজেলায় গড়ে সাত হাজার নারী এই কার্ড পাবেন। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে দেশের চার কোটি পরিবারের নারীদের এই সুবিধার আওতায় আনা হবে।
সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে এবং পরিবেশ রক্ষায় সবাইকে গাছের যত্ন নেওয়া ও যেখানে-সেখানে আবর্জনা না ফেলার আহ্বান জানান।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলার ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের উন্নয়নে নারীদের স্বাবলম্বী করে তুলতে হবে। পাশাপাশি তিনি জানান, তাঁর সরকার মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার ব্যবস্থা করবে এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
@ইয়াসমিন রিমা