ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীতে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় টানা দ্বিতীয় দিনের মতো চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববারের বৃষ্টির পানি পুরোপুরি না নামতেই সোমবার সকালে আবারও ভারী বৃষ্টি হওয়ায় মতিঝিল, ধানমন্ডি, পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সড়কে হাঁটুপানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমেও পানিতে ডুবে থাকা সড়কে ধীরগতিতে চলতে দেখা যায় যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা; অনেককে হাঁটুপানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে এবং যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
নটরডেম কলেজের শিক্ষার্থীরাও বৃষ্টির মধ্যে পানি মাড়িয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ধানমন্ডি হকার্স মার্কেটের চারপাশে পানি জমে থাকায় দোকানে ক্রেতা ছিল না বললেই চলে। অন্যদিকে পুরান ঢাকায় বৃষ্টির মধ্যে একটি সড়ক বিভাজকের অংশ ধসে গর্ত তৈরি হওয়ায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
@ইয়াসমিন রিমা