ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার মধ্যেই সোমবার অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে অনুরোধ থাকলেও নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হয়।
বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। কোথাও যানবাহন না পেয়ে কোমরসমান পানি মাড়িয়ে কেন্দ্রে যেতে হয়েছে পরীক্ষার্থীদের। অনেকের প্রবেশপত্র ও পোশাক ভিজে গেলেও তারা পরীক্ষায় অংশ নেয়।
এদিকে নাটোরে বৃষ্টির কারণে দেরিতে কেন্দ্রে পৌঁছানো এক পরীক্ষার্থীকে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় হলে প্রবেশ করতে দেওয়া হয়নি। অন্যদিকে বন্যাকবলিত চট্টগ্রামের অনেক শিক্ষার্থী ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বই ভিজে যাওয়া ও বিদ্যুৎ–সংকটের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এতে ফলাফল এবং ভবিষ্যতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে। পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানো হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমানো যেত বলে তাদের দাবি।
@ইয়াসমিন রিমা