ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় হতাশা থেকে দিশা রানী মহন্ত (২০) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর পরিবারের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিশা। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিশার চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর আইসিটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর আবার পরীক্ষায় অংশ নিলেও পরীক্ষা ভালো না হওয়ায় চরম হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের ধারণা।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা