ভেতরের খবর নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীর পাইকারদী গ্রামে ঘুমন্ত দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, শিশুটির মা ঘরের কাজে বাইরে গেলে বা বাথরুমে গেলে প্রায়ই শিশুটি অস্বাভাবিকভাবে কান্না করত। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করেন।
অভিযোগ অনুযায়ী, ধারণকৃত ভিডিওতে দেখা যায়, মায়ের অনুপস্থিতির সুযোগে শিশুটির চাচী ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। পরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার পা ভেঙে গেছে। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে।
@ইয়াসমিন রিমা