ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে তীব্র চিকিৎসক সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগী ও স্বজনদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, আর জটিল রোগীদের পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের অনুমোদিত ৮৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন। শূন্য রয়েছে ৪৭টি পদ। গত এক মাসে সাতজন চিকিৎসক বদলি হলেও নতুন যোগ দিয়েছেন মাত্র একজন, ফলে সংকট আরও বেড়েছে।
শাহাবাজপুর ইউনিয়নের মাহতাব উদ্দিন জানান, নাতনিকে নিয়ে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজে হাসপাতালের একতলা থেকে আরেকতলায় ঘুরেও চিকিৎসক পাননি। একইভাবে চর অনুপনগরের আজিজুর রহমান অভিযোগ করেন, তাঁর মাকে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু চিকিৎসক নয়, হাসপাতালটিতে পরিচ্ছন্নতা কর্মীসহ অন্যান্য জনবলেও বড় ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় ৩০ জন পরিচ্ছন্নতা কর্মীর বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন। এছাড়া বিভিন্ন পদে আরও প্রায় ৫০টি শূন্য রয়েছে।
আবাসিক চিকিৎসক ডা. মাহবুব হাসান বলেন, ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০০ রোগী ভর্তি থাকেন এবং বহির্বিভাগে গড়ে দুই হাজার রোগী চিকিৎসা নেন। সীমিত জনবল নিয়ে এত বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, সার্জারি, মেডিসিন ও শিশু বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নতুন চিকিৎসক যোগ দিলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।
@ইয়াসমিন রিমা