ভেতরের খবর নিউজ ডেস্ক: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে।
একই সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে সমস্যা হওয়ায় তাদের দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
@ইয়াসমিন রিমা