ভেতরের খবর নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যারা ট্রল করেছেন, তারা কেউ পরীক্ষার্থী ছিলেন না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ বা ভিকারুননিসার শিক্ষার্থীদের আন্দোলনে দেখেননি বলেও দাবি করেন তিনি।
শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করেই হয়েছে। বৃষ্টির মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে নিজের মেয়ের উদাহরণ দিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সেটিকে শিক্ষার্থীরা নেতিবাচকভাবে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ট্রল বা অপবাদে সরকার সঠিক দায়িত্ব থেকে সরে আসবে না। শিক্ষার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।
অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। প্রথম ব্যাচের ৮০ জন শিক্ষার্থীকে আমগাছের চারা দিয়ে বরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
@ইয়াসমিন রিমা