ভেতরের খবর নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ’ এই নীতি অনুসরণ করেই সরকার কাজ করছে এবং জনগণের যেকোনো দুর্যোগে পাশে থাকবে।
শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ২০টি পরিবারকে ঘর, খাট ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী দেওয়া হয়।
মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু পালনকারীদেরও সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ ও কৃষি উপকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, স্লুইসগেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে থাকবে, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হয়।
@ইয়াসমিন রিমা


