ভেতরের খবর নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে পলাতক থাকা মোজাফফরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। একই অপরাধে দুই ভিন্ন আইনে বিচার করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সিভিল আইনে মামলা করার বিষয়টি পরে আইনগতভাবে পর্যালোচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মিয়ানমার সীমান্তের অস্থিতিশীল পরিস্থিতি, মাদক চোরাচালান ও সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব রয়েছে। পাশাপাশি ভূমিমাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি বিজিবিকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
@ইয়াসমিন রিমা