ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর অন্যতম অ্যাকটিভিস্ট ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুককে সরকারি সফদরজং হাসপাতাল থেকে বেসরকারি মেদান্তা হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
মঙ্গলবার (২১ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আদালতে ওয়াংচুকের আইনজীবী অখিল সিবাল একটি চিঠি উপস্থাপন করেন। চিঠিতে ওয়াংচুক অভিযোগ করেন, তাঁকে হাসপাতালে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে, তাঁর ডিভাইস জব্দ করা হয়েছে এবং কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো।
এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত এবং সংসদে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।
রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী আহত বিক্ষোভকারীদের দেখতে আরএমএল হাসপাতালে যান। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিরলার সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ও পরীক্ষা-সংকট নিয়ে সংসদে আলোচনা দাবি করেন রাহুল। তিনি বলেন, বিরোধী দল শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে এবং বিষয়টি চাপা পড়তে দেবে না।
@ইয়াসমিন রিমা