ভেতরের খবর নিউজ ডেস্ক: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাইয়ের শহিদদের স্মরণে দোয়া মাহফিলকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।
ইনকিলাব মঞ্চের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে ক্যাম্পাসে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা আব্দুল্লাহ আল জাবেরের প্রবেশে বাধা দেন। এ ঘটনায় সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ ও সমাবেশ করেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ অস্বীকার করে জানায়, কর্মসূচিতে বাইরের অতিথির অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট আয়োজকেরা সে অনুমতি নেননি বলেই জাবেরকে কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হয়নি।
ঘটনার পর উভয় পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে বক্তব্য দিলেও বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
@ইয়াসমিন রিমা