ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি ছাত্রদলকে দায়ী করেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং গাড়িগুলো ভাঙচুর করেছে। আমাকে হামলা করারও একটি ব্যাখ্যা দেওয়া হয়েছিল। আজ থেকে আমি আর কোনো কথা বলব না। চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতদূর যেতে পারে।”
তিনি জানান, হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বুধবার রাতে মামলা করা হয়েছে। তার দাবি, হামলায় জড়িতদের পরিচয় ভিডিও ফুটেজে স্পষ্টভাবে রয়েছে। এছাড়া মামলার একটি নাম সংশোধনের বিষয়ও বিবেচনায় রয়েছে।
পাটওয়ারী আরও বলেন, হামলায় আহত আলিফ নামে এক কর্মীর চোখ নষ্ট হয়েছে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। প্রিয় তারেক রহমান, আলিফের চোখটা ফেরত দিন। আমরা আর কিছু চাই না, শুধু আলিফের চোখটা ফেরত চাই।”
তবে এনসিপির এসব অভিযোগের বিষয়ে ছাত্রদল বা সংশ্লিষ্ট পক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
@ইয়াসমিন রিমা