ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, এমপি। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। পুলিশ হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানবিক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পরিচালিত একটি বাহিনী।” তিনি নবীন কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ দমনে দক্ষতা অর্জনের পাশাপাশি, জনগণের আস্থা ও সেবার প্রতীক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চেইন অব কমান্ড মেনে আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, নবীন কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।